পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রচারণা চালিয়ে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তি মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি Bangladesh Concert & Event Connects (BCEC) নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে Event Sajai ও Main Stage Inc। কনসার্টের টিকিট বিক্রির জন্য GetMyTicket.live-এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছিল।
এ সময় আয়োজকদের নজরে আসে, BCEC ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখা এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকিও দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে গত ১৬ জুলাই বিকেলে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি BCEC ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম Ak Abid Khan। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন