রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য প্রকাশ্যে আসে।
পদত্যাগের বিষয়ে একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি বলেন, ‘এটা তো সর্বজনবিদিত। আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’
পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলে দিছি, বুঝে নেন।’
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
চিকিৎসার জন্য গত ১৯ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে এর মধ্যেই বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন