ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ছোটখাটো নয়, বড় শক্তি নির্বাচন বানচালে কাজ করবে: প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৫:০৯ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো সক্রিয় হতে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে। হঠাৎ করেই আক্রমণও হতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তবে যত বাধা-বিপত্তিই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চালানো হবে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি নানা গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে। তাই এসব অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিহত করতে হবে, যাতে ছড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে যেতে হবে। নির্বাচনি নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদানের পদ্ধতি এবং কোনো বিশৃঙ্খলা দেখা দিলে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।’

প্রেস সচিবের জানান, প্রধান উপদেষ্টা ইলেকশন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করতে, যাতে জনগণ আগেভাগে প্রস্তুত হতে পারে এবং নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে পারে।