জনপ্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও পদায়ন বিষয়ে পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করা চার উপদেষ্টা ও দুই সচিবের সমন্বয়ে গঠিত ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
ছয় সদস্যের এ কমিটির সভাপতি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কমিটির অন্যান্য সদস্য ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত ও দায়িত্ব বণ্টনে পেশাদারিত্ব আনতে এ কমিটি কাজ করছিল বলে জানা গেছে।
তবে সম্প্রতি কমিটির কাঠামো ও কিছু সদস্যকে ঘিরে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি উত্থাপিত হয়। রাজনৈতিক সংবেদনশীলতার ওই প্রেক্ষাপটেই কমিটি বাতিলের সিদ্ধান্ত এসেছে বলে প্রশাসনিক সূত্রের বরাত জানা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন