ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডিএসসিসির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৪:২৮ পিএম
মো. মাহমুদুল হাসান এবং ডিএসসিসির লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (৩) অনুযায়ী মো. মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ পদে থেকেই অতিরিক্ত এই দায়িত্ব সামলাবেন এবং বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা গ্রহণ করবেন।

এর আগে, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএসসিসির তৎকালীন প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে তার অপসারণের কারণ এখনো প্রকাশ করেনি মন্ত্রণালয়।