ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয়: রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৩৮ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি- সংগৃহীত

সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহিদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ও দৃঢ় অবস্থান দেশের ইতিহাসে অনন্য ও চিরস্মরণীয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) জাতি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করবে।

রাষ্ট্রপতি বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, বুদ্ধিজীবীরা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান কারিগর। মুক্তবুদ্ধির চর্চা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক চেতনার বিকাশে তাদের ভূমিকা অপরিসীম। এ কারণেই পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের ঠিক আগে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে ঢাকাসহ সারা দেশে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।

তিনি আরও বলেন, ওই সময় দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী ও রাজনৈতিক চিন্তাবিদসহ বহু গুণীজনকে গুম ও হত্যা করা হয়। স্বাধীনতার সূচনালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর ক্ষত বাংলাদেশ আজও বহন করে চলেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে।