ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস উইং আরও জানায়, শরিফ ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।
এর আগে সোমবার সকাল ১১টা ২২ মিনিটে গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি প্রাইভেট জেট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে করে আসা আততায়ী তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। পরে রাতেই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

-20251215120007-20251215081746.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন