ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৯ লাখ ডলার।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিসেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে একই সময়ে দেশে এসেছে ১৩৮ কোটি ১০ লাখ ডলার।
আরিফ হোসেন খান আরও জানান, ১৪ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,৪৭৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৭.৮০ শতাংশ বেশি।
এছাড়া, গত নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ। তার আগের অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
জুলাই ও আগস্টে যথাক্রমে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।


