আসন্ন নির্বাচনে গত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে এই দাবি আদায়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ ।
বুধবার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ বলেন, ‘গত ২০২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। ওই নির্বাচনে যারা ছিলেন তারা জনমতের তোয়াক্কা করেননি।’
তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা বর্তমানে জীবন সংকটে আছেন। পলাতকরা বিদেশের মাটিতে বসে হত্যার নীলনকশা করছে। এর জবাবে ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
রিফাত রশীদ বলেন, আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছিল। অথচ এখন অনেক রাজনৈতিক দল তাদের (আওয়ামী লীগ) ভোটের জন্য সেজদা দিতে অস্থির হয়ে উঠেছে। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে।


