ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৬ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:০১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ডিসেম্বরের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮২ কোটি মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮২ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আরিফ হোসেন বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৭০ শতাংশ।

এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।