পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মব কালচার’ দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তিনি সবাইকে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে সরে এসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মব মানে হলো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। যারা মব করছেন, তাদের এ পথ থেকে সরে আসা উচিত। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে দেশ ও সরকারের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার ও দেশকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। কেউ যদি এর বাইরে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে।
সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে এবং তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তিনি এটিকে ‘জুলাই সনদ’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে আলাদা করে কোনো শপথের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বিষয়টি সংসদে স্বয়ংক্রিয়ভাবে উত্থাপিত হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সবশেষে পানিসম্পদ মন্ত্রী বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে। তবে প্রতিটি ইস্যুতে বিরোধিতার অবস্থান না নিয়ে দেশগঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন