ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি ছাড়ার সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৫১ এএম
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পাননি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য বিএনপি থেকে আগাম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা জানান, মনোনয়নপত্র সংগ্রহের আগেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াবেন। তার ভাষায়, দলীয় শৃঙ্খলা ও নৈতিক অবস্থান বজায় রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়ে তিনি বলেন, বিএনপিকে জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার কারণেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভিন্ন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে নিজের নির্বাচনী সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচনে অংশ নেব। ভোটাররা আমার সঙ্গে রয়েছেন। ভোটাররাই এর জবাব দেবেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বা স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, দল প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত নেবে। তবে আগাম পদত্যাগের মাধ্যমে তিনি দলকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না।

রুমিন ফারহানা জানান, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের মধ্যেই তার পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। প্রতীক কী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তার মূল লক্ষ্য, এলাকার মানুষের প্রতিনিধি হওয়া।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

এর পরপরই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।