× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪০ এএম

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪০ এএম

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান। ছবি : সংগৃহীত

১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বিজি-২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে বেলা ১১টা ৪ মিনিটে বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে দলের পক্ষ থেকে আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বিএনপি জানিয়েছে, এটি কোনো জনসভা নয় এবং সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান।

সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মাকে দেখার পর তিনি গুলশান অ্যাভিনিউর নিজ বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও র‍্যাব, এপিবিএন, সোয়াট, কাউন্টার টেরোরিজম ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) থেকেও একাধিক টিম মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফুট, গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এ ছাড়া বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন রয়েছেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে সাধারণ যাত্রী ও বিদেশগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন যান চলাচল সীমিত থাকার কারণে।

Link copied!