ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহাসমাবেশ বাস্তবায়নে মহানগরীর দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:২৭ পিএম
মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে সৃষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে জনগণকে সামাজিকভাবে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ের কনফারেন্স হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান ও মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা হলে রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, তা দূর করা সম্ভব নয়। সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং গণমানুষের তিন দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, সভা শেষে মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক দিক নিয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক বার্তায় এসব তথ্য জানান।