অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি; এ অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো সে ধরনের পরিবেশ তৈরি করতে পারেনি। বরং আগের সরকারের সময়ের তুলনায় দেশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখনো অনেককে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী কোনো উৎসাহ–উদ্দীপনা দেখা যাচ্ছে না। এ কারণে তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেবে না।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাওয়ার কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে দলটি মনে করছে না।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে খোয়া যাওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। একটি নির্বাচনের জন্য যে প্রস্তুতি ও মাঠের পরিবেশ প্রয়োজন, তা এখনো তৈরি হয়নি। এসব কারণেই দলটি নির্বাচনের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন