বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল, যা অনুরোধের পরিপ্রেক্ষিতে গোপন রাখা হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের বিষয়েও তারা ভাবছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান জামায়াত আমির।
সাক্ষাৎকারে তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে তার প্রকাশ্য বৈঠক হলেও ভারতীয় ওই কূটনীতিক বৈঠকটি গোপন রাখার অনুরোধ জানান। সে কারণেই বিষয়টি প্রকাশ করা হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের সবাইকে একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে যেসব রাজনৈতিক দল সরকার গঠনে ভূমিকা রাখতে পারে তাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে ভারত। এই প্রেক্ষাপটেই ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্দিষ্ট কোনো বৈঠক সরাসরি নিশ্চিত করেনি। তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকতে চাই না। সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখাই আমাদের নীতি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন