ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যরাতে নতুন রাজনৈতিক শক্তি তৈরির আভাস দিলেন মাহফুজ আলম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:৫৫ এএম
মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক দল তৈরির আভাস দিয়েছেন। বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে সামনে রেখে তিনি আবারও সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় যারা আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর তিনি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নতুনভাবে কাজ শুরু করার কথা প্রকাশের পর গত দুই সপ্তাহে তিনি কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। তাদের বেশির ভাগই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় আগ্রহী থাকলেও বর্তমানে হতাশা ও আস্থাহীনতায় ভুগছেন। তবে আলোচনার পর সবাই আবারও চেষ্টা করার বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি।

মাহফুজ আলম লেখেন, ‘যাদের সঙ্গেই কথা হয়েছে, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।’

নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থরাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় বা জোটনির্ভর রাজনীতিতে অনাগ্রহী এবং আদর্শিকভাবে আপসহীন ও নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাদের সঙ্গে তিনি যোগাযোগ করতে চান।

পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, ‘আমরা আপনাদের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথা যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও সীমাবদ্ধতাগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে কীভাবে নতুন করে শুরু করা যায়, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।’

আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি।

পোস্টের শেষাংশে ইংরেজিতে মাহফুজ আলম লেখেন, ‘We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment.’

তিনি পোস্টটি শেষ করেন #জাস্টিস_ফর_শহীদ_ওসমান_হাদি হ্যাশট্যাগ দিয়ে।