বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ধারাবাহিকভাবে ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ছাত্রদল পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে।
রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অভিযোগ তোলেন। শিক্ষার্থীদের অধিকার নিয়ে তামাশা করলে যথাযথ জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের কারণে ছাত্রদল এখন পেশিশক্তির সাহায্য নিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর তাদের কোনো আস্থা নেই। শিক্ষার্থীরাও তাই তাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদলের প্রতি বিশ্বাস হারিয়েছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজনীতি করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে যথাযথ জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য তারা যত চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। এরপর বিএনপির সিন্ডিকেট ব্যবহার করে শাকসু নির্বাচনও বানচালের চক্রান্ত করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং ছাত্রদলের প্যানেলও অংশ নিয়েছে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে। আজও কেন্দ্রীয় নেতারা নির্বাচন কমিশন ঘেরাও করছে যাতে শাকসু নির্বাচন না হয়।
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার আগে একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা স্পষ্ট যে, তাদের উদ্দেশ্য শুধু নিজেদের স্বার্থ হাসিল করা। ভোটাধিকারের জন্য আন্দোলন কেবল রাজনৈতিক বক্তৃতার অংশ বলে তিনি মন্তব্য করেন।


