জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা করা হবে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কর্মসূচিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল ও নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা।
দলীয় সূত্র জানায়, মাজার ও কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে। এ কর্মসূচির মাধ্যমে দলটি সাধারণ মানুষের কাছে তাদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন