বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেছেন, ভোট শুধু একটি অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি একটি পবিত্র দায়িত্ব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান লেখেন, আসন্ন নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সেদিন তারা দুটি গুরুত্বপূর্ণ ভোট প্রদান করবেন।
তিনি উল্লেখ করেন, প্রথম ভোটটি দীর্ঘদিন ধরে চলমান শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে একটি গণভোট। সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দ্বিতীয় ভোটটি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী এবং জনআকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ গড়ার পক্ষে বলে উল্লেখ করেন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে সবারই ভোট চাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-পরবর্তী রাজনৈতিক কার্যক্রম বিবেচনায় নিলে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। ভোটারদের নিজ নিজ বিবেচনায় পছন্দের প্রার্থী ও প্রতীক নির্বাচনের কথাও উল্লেখ করেন তিনি।
বার্তার শেষাংশে তিনি আবারও স্মরণ করিয়ে দেন, ভোট কেবল একটি অধিকার নয়; দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে এটি নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন