এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জামায়াত–এনসিপিসহ ১১ দলীয় জোটের শাপলা প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হবো না।
ভিডিও বার্তায় এনসিপি নেতা বলেন, সারা দেশের মতো আমার নির্বাচনি এলাকাতেও শাপলা প্রতীকের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে আজ বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। কলদাতা অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং নির্বাচনের পর আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পাশাপাশি আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে—এটাই আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের আমল থেকেই আমরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়ে আজ এই পর্যায়ে এসেছি। হত্যার হুমকি দিয়ে কিংবা ভয় দেখিয়ে আমাদের বিজয়যাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর কলটি কেটে দেওয়া হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি দ্বারা যে কোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন মর্মে তিনি পীরগাছা থানায় আবেদন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন