ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা করছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় মির্জা আব্বাস বলেন, আরামবাগ ও আশপাশের বাসাবাড়ি, মেস ও মাদ্রাসায় অন্তত ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি সশস্ত্র অবস্থানে রয়েছেন।
তিনি দাবি করেন, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি ভোটকেন্দ্রে প্রতিপক্ষের লোকজন অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে এবং কারচুপির উদ্দেশ্যেই এ ধরনের তৎপরতা চলছে বলে তিনি আশঙ্কা করছেন। রাতের বেলায় এভাবে কেন্দ্র দখলের চেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতির পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই প্রার্থী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন একজন। এই আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্র রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন