ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে জামায়াত আমিরের অভিনন্দন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:০৪ পিএম
তারেক রহমান ও শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তারেক রহমান তার আবাসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জামায়াত আমির এ সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, ‘আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সাথে মিলেমিশে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।’

তিনি বলেন, আলোচনায় তারেক রহমান আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। 

শফিকুর রহমান এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার হবে না।’

জামায়াত নেতা বলেন, নির্বাচিত সরকারকে জাতীয় স্বার্থে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। জনকল্যাণমূলক কাজে সরকারের প্রতি সমর্থন থাকলেও জবাবদিহিতার প্রশ্নে তারা সোচ্চার থাকবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংশোধন; বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করে স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।’