ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শপথের পর ওসমান হাদির কবর জিয়ারত করলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড. আতিক মুজাহিদ ওসমান হাদির কবরে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, শপথগ্রহণের পর আমার প্রথম গন্তব্য ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর। তার রক্তঋণ ও আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ইনসাফ, বাংলাদেশপন্থা ও সম্মানের রাজনীতি প্রতিষ্ঠার শপথ পুনরায় নিলাম। ইনকিলাব জিন্দাবাদ।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি স্থাপিত হয়েছে। সেই আদর্শ অনুসরণ করে তিনি সংসদে জনগণের পক্ষে কাজ করবেন এবং কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।