সড়কে স্লিপ দিয়ে টাকা আদায়কে স্পষ্ট চাঁদাবাজি আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পোস্টে হামিম লিখেছেন, সারা দেশে সড়ক ও যাতায়াতপথে বিভিন্ন অজুহাতে স্লিপ দিয়ে টাকা আদায়ের প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, যা বন্ধ হওয়া জরুরি। তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেও এ ধরনের চর্চা চোখে পড়েনি। তবে সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের নির্ধারিত টোল আদায়কে তিনি ভিন্ন বিষয় হিসেবে উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা শ্রমিক সংগঠনের নামে যত্রতত্র স্লিপ দিয়ে অর্থ আদায় স্পষ্ট চাঁদাবাজির শামিল। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।
হামিম আরও উল্লেখ করেন, তারেক রহমান ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি রাষ্ট্রীয় গাড়ির বহর কমানো ও ভিআইপি মুভমেন্ট সীমিত করার মতো উদ্যোগের কথাও তুলে ধরেন। তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন