অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম বলেছেন, বিএনপির নেতা ‘মির্জা আব্বাসের কিছু হলে তার জন্য ৮০ শতাংশ দায়ী থাকবেন পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা’।
শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে এই বোধ ওনার ছিল।’
মেঘনা আলম আরও বলেন, ‘মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।’
সম্প্রতি পাটওয়ারীর একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলমের মতে, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।
পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করেন, ‘মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।’ তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন