বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
আজ শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, কাল বেলা ১১টায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।
জানা যায়, বর্তমানে বিএনপির এই সিনিয়ির নেতা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মির্জা আব্বাসকে।
এ বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আজ (শনিবার) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে তাকে এখনও ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে গত বুধবার ইফতারে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পর সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন