জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যের সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে একটি আসন পাওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে দলটিকে আরও একটি আসন বেশি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এনসিপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, তাদের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর কাছে দুটি আসন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। জামায়াতও বিষয়টি নিয়ে ইতিবাচক বলে জানিয়েছে। এ বিষয়ে আইনগত দিকগুলোও দুই দলই খতিয়ে দেখছে।
সূত্রটি আরও জানায়, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলের এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন অনেকটাই চূড়ান্ত। আরেকটি আসন পেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুকে সেখানে দেওয়া হতে পারে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী ১২ মে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) তপশিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্রুত তাদের নাম ঘোষণা করা হবে বলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন