জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ নির্মাণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন এবং তৃণমূল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দলটি কাজ করে যাবে।
জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু (এমপি), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল, জেলা সদস্য সচিব লাবিব আহমদ প্রমুখ।
এনসিপি ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তারা বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্য সচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে জনসভা ও পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন