সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
আজ শুক্রবার এক পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন। তার দাবি, বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই এবং শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার সঙ্গে ওই যোগাযোগের সম্পর্ক থাকতে পারে।
তিনি দাবি করেন, এ ঘটনায় ভারতের ভূমিকা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সাহাবুদ্দিন চুপ্পুর কথিত ফোনালাপকে একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করেন তিনি।
আবু হানিফ তার পোস্টে বলেন, "বিদেশে গিয়ে হাসিনার সঙ্গে ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে। অনেকটা পরিস্থিতি বুঝতে পেরেই আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই।"
তবে আবু হানিফের উত্থাপিত এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া শেখ হাসিনার সঙ্গে কথিত যোগাযোগের দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

