এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলাকে ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, এটি মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার চেষ্টা করেছে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা নয়; এটি ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। যারা হামলার সাথে জড়িত তারা ইতোমধ্যে চিহ্নিত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
চেয়ারম্যান আরও উল্লেখ করেন, ‘এবি পার্টি কোনো ধরনের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি বিএনপিকে আহ্বান জানিয়ে বলেন, ‘ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার।’
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশবাসী হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরোনো রাজনীতি আর মেনে নেবে না।’
বিক্ষোভ মিছিলটি রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন: এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অব. দিদারুল আলম ও লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, আমিনুল ইসলাম এফসিএ, নাসরীন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়নবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, সহকারী শ্রমবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা ও সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন