ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এবার দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৬ এএম
ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীকে উদ্ধৃত করে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার এই অবস্থানকে স্বাগত জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেওয়া নিজের ফেসবুক পোস্টের শব্দচয়ন নিয়েও দুঃখ প্রকাশ করেছেন তরুণ এই নেতা।

ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে শনিবার দুপুরে দেওয়া রুহুল কবীর রিজভীর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে ওই বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার, সাদিক কায়েম ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদ-বিবৃতি দেওয়া হয়। এরপর রিজভী দুঃখ প্রকাশ করলে বিষয়টি নতুন মোড় নেয়।

রিজভীর দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। পোস্টে তিনি লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ডের কারণে বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে রুহুল কবীর রিজভী রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই পদক্ষেপকে তিনি ব্যক্তিগতভাবে সম্মান ও সাধুবাদ জানান।

সাদিক কায়েম লেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক স্বাভাবিক। তবে যাচাইবিহীন তথ্য, ভুয়া ছবি বা বিভ্রান্তিকর উপস্থাপনার মাধ্যমে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কাম্য নয়। এই জায়গায় রিজভীর অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশপন্থী রাজনীতিতে আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরাই সবার অভিন্ন প্রতিপক্ষ। ভিন্ন মত ও রাজনৈতিক অবস্থান বজায় রেখেও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

একই পোস্টে নিজের একটি বক্তব্য নিয়েও দুঃখ প্রকাশ করেন ডাকসু ভিপি। তিনি জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর তিনি যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সেখানে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।