মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা তিনজনই ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মো. বিল্লাল হোসেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দলীয় প্রাথমিক সদস্যপদসহ সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
মোহাম্মদ মুনজুর আলী ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
অন্যদিকে, মো. জাকির হোসেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনিও একইভাবে দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিন নেতা বলেন, তারা প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে তারা বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন।
সম্প্রতি দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
তারা আরও জানান, দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে তারা স্থানীয় জনগণের সেবামূলক কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবেন। পাশাপাশি ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না বলেও স্পষ্ট করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন