× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:০৪ পিএম

শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:০৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে শরিক দলগুলোর জন্য আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর একদিন আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছিল দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, এলডিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করবেন। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ এবং দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ ঢাকা-১৩, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী ব্রাহ্মণবাড়িয়া-৬, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর-৫ এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একই স্থানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, নির্বাচনী সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না।

জমিয়তের প্রার্থীরা হলেন:  নিলফামারী-১ আসনে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবীব।

৩০০ আসনের সংসদে এরইমধ্যে দুই দফায় ২৭২টি আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বাকি ২৮ আসনের মধ্যে চারটি আসনে জমিয়তের সঙ্গে সমঝোতা হয়েছে। আজ শরিকদের জন্য আরও আটটি আসন ছাড় দেওয়া হলো। ফলে এখনও ১৬টি আসন চূড়ান্ত ঘোষণা বাকি রয়েছে।
 

Link copied!