জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নেতৃত্ব ও নির্দেশনায় আন্দোলন পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।
বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা অনুযায়ীই আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছি।’
রাশেদ খান বলেন, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন জানাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করবেন।
তিনি বলেন, সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের সব নেতাকর্মী তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিএনপির সব নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠে কাজ করবেন। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেবে না।


