সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন ও সদস্যসচিব সেলিম রেজাসহ আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কলেজ শাখা ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
এ ঘটনার পর একই রাতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিতুমীর কলেজ ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখায় দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা জমা দেওয়ার কথা বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে তারা হলেন- কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ আল ওয়াসী, আকরাম হোসেন টোটন, মো. আক্তার হোসেন, সিহাব উদ্দিন সিয়াম, রিমু হোসেন, জিহাদ হাওলাদার, মো. আবু বকর সিদ্দিক বাবু, মো. হাসান মির্জা, সোহাগ হোসেন, আবু হুজাইফা মো. রকি, মো. নোবেল হোসেন সূর্য, তাইজুল ইসলাম ও কামাল হোসেন।
এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান চয়ন, জহিরুল ইসলাম ইয়ামিন এবং মেহেদী হাসান মাল-এর নামও ব্যাখ্যা তলবের তালিকায় রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন