বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি প্রায় ২৫০ থেকে ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী ।
আলাপচারিতার সময় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিজয়ীদের সঙ্গে তুলে ধরেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে এই প্রাণবন্ত ও আন্তরিক আলোচনা চলমান নির্বাচনি পরিবেশে বিশেষ গুরুত্ব যোগ করেছে।
উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং রাষ্ট্র বিনির্মাণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশ ও বিদেশ থেকে জমা পড়া বিপুলসংখ্যক ভিডিওর মধ্য থেকে বিচারকদের মূল্যায়ন ও জনমতের ভিত্তিতে নির্বাচিত সেরা অংশগ্রহণকারীদের নিয়েই আজকের এই বিশেষ সৌজন্য সাক্ষাৎ আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন