জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ক্ষমতার বলি হিসেবে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে ছাত্রদলের সভাপতি লিখেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক (গ্রেপ্তার) করা হয়। এখন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা, অর্থাৎ ৩৫ ঘণ্টা পার হয়ে গেছে। কিন্তু এখনো তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি।
তিনি লিখেন, আমাদের দাবি হলো, অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। সংবিধান ও সিআরপিসি অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না।
রাকিবুল ইসলাম রাকিব লিখেন, আমিরে জামায়াতের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকরিজীবী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই লোকটা যেহেতু বেআইনিভাবে আটক আছে, এখন আইনের বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন।


