ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের আশাবাদী বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২৭ এএম
তারেক রহমান। ছবি : সংগৃহীত

নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের ব্যাপারে আশাবাদী বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এমন অবস্থানের কথা জানান তারেক রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?

তিনি বলেন, আমি জানি না, তারা কয়টি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি, তাদের ভালো বিরোধী দল হিসেবে পাব।

বিএনপি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে ৩০০-এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনেই জয়লাভের বিষয়ে আশাবাদী তারা। এর মধ্যে ২৯২টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোয় জোটের শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনে বিএনপি কতটি আসন পেতে পারে, সে বিষয়ে সাক্ষাৎকারে নির্দিষ্টভাবে আসনসংখ্যা না বললেও সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন পাবে—এমনটা জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব জনমত জরিপেই বিএনপির জয়লাভের আভাস পাওয়া গেছে। তবে এ ক্ষেত্রে বিএনপিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে উঠে এসেছে। যার মধ্যে তরুণদের নেতৃত্বে শেখ হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন-জিদের দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে।