ঢাকা-১৩ সংসদীয় আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ কার্যক্রম চালিয়েছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানার নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আদাবর থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয়। নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করবে।
স্বেচ্ছাসেবক দল নির্বাচনি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের সচেতন করে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাবে বলেও আশ্বাস দেন নেতৃবৃন্দ।
গণসংযোগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাসুদ রানার সঙ্গে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আবুল গফুর সোহেল, শান্ত সুকলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া মহানগর ছাত্রদল নেতা মাকছুদুর রহমান তার নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বৃহত্তর আদাবর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনও গণসংযোগে উপস্থিত ছিলেন।

