ভোট সুষ্ঠু ও গঠনমূলক হলে বিএনপি যেকোনো ফল গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রচারে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে বিএনপির জয় অনিবার্য। ভোটগ্রহণ হবে উৎসবমুখর পরিবেশে এবং আশা করি, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে।
তিনি আরও বলেন, ইলেকশনের বিষয়ে বিএনপির নাম কখনো কোনো ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় আসে না। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে এবং যেকোনো ফলই হোক, আমরা তা মেনে নেব।
এ সময় তিনি অভিযোগও করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিভিন্ন উপায়ে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এটি আচরণবিধি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি বিভিন্ন জেলায় বিএনপির কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে, যার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মাহদী আমিন বলেন, নির্বাচনে ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা নিশ্চিত করবে বিএনপি। বিরোধী দলকেও একইভাবে আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হবে।


