বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট এতটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমনটা কেউ কল্পনাও করেনি। ভোটারদের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সারা দিনে প্রায় একশটি কেন্দ্র ঘুরে তিনি দেখেছেন যে, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তার বিশ্বাস, নির্বাচনের ফলাফল ভালো হবে এবং জনগণ একটি নির্বাচিত সরকার ও কার্যকর সংসদ পাবে। তিনি উল্লেখ করেন, এমন একটি নির্বাচিত ব্যবস্থার জন্য তাদের দল দীর্ঘ ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। নির্বাচনে বিজয় নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার; তাদের মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।


