দলীয় সিদ্ধান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে।
বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। সড়ক পরিবহন ও মহাসড়ক খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নজরুল ইসলাম খানকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
জামালপুর জেলার সন্তান নজরুল ইসলাম খান। ৭০-এর দশকে শ্রমিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। ১৯৭০ সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন নজরুল ইসলাম খান।
বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন