ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের কারণে ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রাপ্তির অভিযোগ করেছেন কবি জসীমউদ্দীন হলের ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিওবার্তায় হামিম জানান, রাত প্রায় ১১টা ৪০ মিনিটে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের নাম উল্লেখ করা শোকজপত্র দেখেন। বিষয়টি জানতে পেরে বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করেন।
হামিম বলেন, শোকজ বিষয়টি জানতে তিনি দপ্তর সম্পাদককে ফোন করলে তিনি নিজেও কারণ জানেন না বলে জানান এবং প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজনকৃত ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাকেই শোকজের কারণ বলা হচ্ছে।
তিনি জানান, রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে এই আয়োজন করেছিলেন, যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। এ ছাড়া ডাকসু নির্বাচনে ছাত্রদল তাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল এবং তিনি সাড়ে পাঁচ হাজারের বেশি ভোট পান।
হামিম শোকজপত্র ফেসবুকে প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিক বা ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র প্রদান করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ প্রকাশের কারণে সারা দেশের মানুষ তার কাছে জবাব চাইছেন।
তিনি লিখিত জবাব না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, ব্যক্তিগতভাবে নোটিশ না পাওয়া পর্যন্ত আমি কোনো লিখিত জবাব দেব না। আমার এই কাজের কারণে যদি ছাত্রদলের ক্ষতি হয়ে থাকে, আমি বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে ক্ষমা চাইছি। আর যদি মনে করা হয় আমার সঙ্গে অন্যায় হয়েছে, তার বিচার আমি সবার ওপর ছেড়ে দিচ্ছি। আমি সবসময় মনে করি ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন