রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ মার্চ) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদী-তে পড়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। এখনো অধিকাংশ যাত্রীর সন্ধান না পাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। যথাযথ সতর্কতা অবলম্বন করা হলে প্রাণহানি এড়ানো সম্ভব হতো।
উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন