দল গোলামি করতে পারে, কিন্তু সরাইল-আশুগঞ্জের ভোটাররা গোলামি করে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার বড্ডাপাড়ায় আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারে যে-ই আসুক, আমার আসন ব্রাহ্মণবাড়িয়া-২ কে গুইন্নাই তাকে রাজ্য পরিচালনা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সব সময় দেখা গেছে অবহেলিত। সদরের দিকে তাকাইয়া তাকাইয়া তাদের দিন চলে। সরাইল-আশুগঞ্জের অভিভাবক হবে সৎ-সাহসী-সত্যবাদী, অন্যায়ের বিপক্ষে যে লড়াই করে, সে রকম মানুষ হবে।
রুমিন বলেন, আমার প্রিয় ভাইবোনদের বলি, এমনও প্রার্থী আছে দেউলিয়া হয়ে গেছে। বড় বড় দল শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকত। শেখ হাসিনার গুণগান গাইত। এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতাই করবে। এ রকম মানুষকেও নমিনেশন দিতে হয়। আফসোস লাগে, এত বড় দল প্রার্থী খুঁইজা পাইল না। দল গোলামি করতে পারে; সরাইল-আশুগঞ্জের ভোটাররা গোলামি করে না। আমরা লড়াই করার জাত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জাত। আমরা মাথা নিচু করে চলি না।
তিনি বলেন, প্রিয় ভাইবোনেরা, শুধু গ্যাস নয়; নানা দিক থেকে সরাইল-আশুগঞ্জ অবহেলিত। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। ভাঙা রাস্তা, ব্রিজ নাই। বিভিন্ন জায়গায় দেখা যায়, নদীর পানি বাড়লে মাটি ভেঙে এলাকা বিলীন হয়ে যায়। আমাদের তরুণ প্রজন্ম কিশোর ভাইদের জন্য খেলার মাঠ নাই। আমাদের স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, স্কুল-কলেজ-মাদ্রাসা বিভিন্ন জায়গায় অনুন্নত অবস্থায় পড়ে আছে। আল্লাহ যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমাকে সরাইল-আশুগঞ্জে এমপি নির্বাচিত করে, তাহলে সরাইল আশুগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ হাসপাতালসহ অন্যান্য যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ডাক্তার-নার্স, ওষুধ যেন থাকে, সেই ব্যবস্থা করা হবে।
রুমিন বলেন, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, তারা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করা আমার নির্বাচনি আগ্রাধিকার।
ফল না হওয়া পর্যন্ত কাউকে কেন্দ্র না ছাড়ারও আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন