সরকারের উগ্রবাদবিরোধী কঠোর অবস্থানের কথা উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। এরা দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক চেতনায় বাধা সৃষ্টি করতে চায়। আমরা যেমন ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনি ধর্মের নামে কোনো ধরনের ফ্যাসিবাদও সহ্য করা হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার ও ন্যায্য অংশ নিশ্চিত করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। শহীদদের আত্মত্যাগ আমাদের একসূত্রে আবদ্ধ করেছে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্য ও সততার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি এম এ খালেক পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সহ-আইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, নাজমুল হুদা, এমদাদুল হক সাইদ, সাল্লে মুসা।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদাল, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মজিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন