ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:৪২ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ

আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শহীদ ওসমান হাদির হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত এবং জুলাই সনদের পক্ষে গণভোটে জনমত তৈরির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৈঠকে মুফতি রেজাউল করীম বলেন, শহীদ ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা চরম ব্যর্থতার পরিচয়। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।

একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে দেশব্যাপী জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা আশা প্রকাশ করেন, ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত তৈরি হবে।