আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৪ জানুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। এ সময় কিছু জেলার রিটার্নিং কর্মকর্তাদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এমনকি যেসব ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের ব্যক্তিগত এখতিয়ার বা বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ ছিল, সেসব ক্ষেত্রেও কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং কর্মকর্তাদের অতিরিক্ত কঠোরতার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরও প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন নয়। আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন অপ্রয়োজনীয় ও অহেতুক বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলেও জামায়াতের কাছে প্রতীয়মান হচ্ছে।
জামায়াত নেতা বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন দেখা দেবে। তিনি তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল না করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি যেসব প্রার্থীর মনোনয়ন তুচ্ছ অজুহাতে বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার দাবিও জানান তিনি। নির্বাচনের মাঠ সবার জন্য সমান ও প্রতিযোগিতামূলক করতে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এই নেতা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন