বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাসস্থান, ভাত, কাপড়, শিক্ষা ও চিকিৎসা—এই পাঁচটি মৌলিক অধিকার সকলেরই প্রাপ্য। কিন্তু দেশের শ্রমিক সমাজ এখনো এই অধিকার থেকে বঞ্চিত। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের পাশাপাশি মালিকপক্ষেরও দায়িত্ব।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে অধ্যাপক মুজিবুর রহমান শ্রমিক অধিকারবিষয়ক মতবিনিময়কালে এ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি এলায়েন্সের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল।
এ ছাড়া উপস্থিত ছিলেন: বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এ, এম, ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রেসিডেন্ট আনোয়ার হোসাইন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মালিক পক্ষ যদি শ্রমিকদের ন্যায্যভাবে সুযোগ সুবিধা প্রদান করেন, তাহলে শ্রমিক-মালিকের মধ্যে বৈষম্য থাকবে না। শ্রমিকরা ন্যায্য পাওনা পেলে দায়িত্বের সঙ্গে কাজ করবে, ফলে কলকারখানায় শান্তিপূর্ণ উৎপাদনমুখী পরিবেশ সৃষ্টি হবে।
তিনি বলেন, ইসলামের নীতি অনুযায়ী মালিককে নিজের খাবার, কাপড় ও সুবিধা শ্রমিকদের সাথে ভাগ করে নিতে হবে। এটি বাস্তবায়ন করলে শ্রমিক-মালিক উভয়েই দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে।
জামায়াত নেতা সতর্ক করে বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য শ্রমিকদের ব্যবহার করা হলেও তাদের অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের নির্বাচনি ইসতেহারে শ্রমিকদের মৌলিক অধিকার পূরণের বিষয়ে স্পষ্ট ঘোষণা থাকতে হবে।
এ বিষয়ে উত্তর দিতে গিয়ে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করলে শ্রমিক-মালিকের মধ্যে বিরাজমান বৈষম্য দূর হবে। আন্তর্জাতিক শ্রম আইন মেনে সুষম উন্নয়নের রাজনীতি চালু করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারলেই কলকারখানায় অসন্তোষ ও ভাঙচুরের ঘটনা কমবে। জাতীয় সংসদসহ সকল পর্যায়ে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

-20260107175047.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন